ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ যথাসময়ে সকাল ৮টায় শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের আটটি নির্ধারিত স্থানে এই ভোট কার্যক্রম চলছে
বিষয়টা এলাকা ঘুরে দেখা যায় নির্ধারিত সময়ের পূর্বেই কেন্দ্রগুলোতে ভিড় করছেন ভোটার শিক্ষার্থীরা।
এর আগে প্রত্যেকটি কেন্দ্রে রিটার্নিং অফিসারগণ মিডিয়ার সামনে ব্যালট বক্সগুলো সিলগালা করেন।
ভোট শুরুর আগে ছাত্রদলের সহ-সভাপতি প্রার্থী আবিদুল ইসলাম খান উদয়ন স্কুল এন্ড কলেজে ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
ভোট শুরুর পর ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সহ-সভাপতি প্রার্থী সাদিক কায়েম, ও ছাত্রদল সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী তানভীর বারী হামিম ভোটারদের সাথে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য ভোটকেন্দ্রে প্রবেশ করেন।
ভোট দেয়ার পর কথা হয় সুমন হক নামের এক শিক্ষার্থীর সাথে। তিনি বলেন, এই প্রথম তিনি তার জীবনের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন।
তিনি বলেন, নিজের ইচ্ছামত ভোট দিতে পারাটা আমার অধিকার এবং একই সাথে আমার জন্য এটা সম্মানের। ফ্যাসিজমের পতনের পর এরকম একটি পরিবেশে ভোট দিতে পেরে বেশ ভালো লাগছে।
আরেক শিক্ষার্থী আলফাজ হোসেন বলেন, আমি ভোটার হয়েছে আরো অনেক আগেই। কিন্তু আমার ইচ্ছা মতো আমার পছন্দের প্রার্থীকে কখনোই ভোট দিতে পারিনি। এই প্রথম আমি আমার ইচ্ছামত ভোট দিতে পেরেছি এবং কেউ আমাকে এখানে জোর জবরদস্তি করার কোন সুযোগ পাইনি।
তিনি বলেন, ডাকসুতে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারব এটাও কখনো ভাবি নি। তাই ভোট দিতে পারে আসলে বেশ ভালো লাগছে।